শরীফের চাকরিচ্যুতি বিষয়ে দুদকের কাছে তথ্য-প্রমাণ চাইলেন হাইকোর্ট

স্টার অনলাইন রিপোর্ট

শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে তথ্য প্রমাণ সম্বলিত প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট।

আদালত আজ দুদকের আইনজীবী খুরশিদ আলম খানকে আগামী ৮ মার্চের মধ্যে হলফনামাসহ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

শরীফকে চাকরিচ্যুতির ব্যাপারে অভিযোগ পাল্টা অভিযোগ ওঠায় স্বাধীন একটি তদন্তের জন্য আদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল। রিটের শুনানি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান আজ এই আদেশ দেন। আগামী ৮ মার্চ এ ব্যাপারে পরবর্তী শুনানি হবে।

আজ শুনানির সময় দুদকের আইনজীবী গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ তোলেন। শরীফ উদ্দিনকে নিয়ে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর প্রতিবেদনের সমালোচনা করেন তিনি।

খুরশিদ আলম হাইকোর্টকে বলেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার নির্বিচারে শরীফ উদ্দিনের মন্তব্য ও বিবৃতি প্রকাশ করলেও দুদক সচিবের লিখিত বক্তব্যের বেশিরভাগ অংশ আড়াল করেছে।

দুদকের স্বাধীন ও পক্ষপাতহীন ভাবমূর্তি রক্ষার স্বার্থে প্রয়োজনীয় আদেশ চেয়ে গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের নেতৃত্বে ১০ জন আইনজীবী রিট আবেদন করেন।

আবেদনে তারা বলেন, শরীফ উদ্দিনের চাকরিচ্যুতি নিয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগে দুদকের পক্ষপাতহীনতা ও স্বায়ত্তশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।