শরীফ উদ্দিনের চাকরিচ্যুতি তদন্তে ১০ আইনজীবীর রিট হাইকোর্টে খারিজ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার কারণ খতিয়ে দেখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ আবেদনটি যথাযথভাবে উপস্থাপন না হওয়ায় আজ মঙ্গলবার খারিজের আদেশ দেন।
রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির দ্য ডেইলি স্টারকে জানান, শরীফ উদ্দিন নিজেই তার চাকরি ফিরে পেতে এই আদালতে একটি পৃথক রিট আবেদন করেছিলেন। তাই তিনি হাইকোর্টকে তাদের আবেদনটি খারিজ করার অনুরোধ করেছিলেন।
গত ২৩ ফেব্রুয়ারি শিশির মনিরের নেতৃত্বে ১০ জন সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার কারণ খতিয়ে দেখার নির্দেশনা চেয়ে এবং তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি নির্দেশনা দিতে রিট আবেদন করেন।
