শার্শায় খড়ের গাদায় ফেলে যাওয়া নবজাতক উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরের শার্শা উপজেলায় খড়ের গাদায় ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে উদ্ধারের পর শিশুটিকে ঝিকরগাছার বামুনিয়া গ্রামে এক গৃহবধূর কাছে হস্তান্তর করা হয়।

এক প্রত্যক্ষদর্শী আকরাম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাতে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে খড়ের গাদায় বাচ্চাটির কান্না শুনি।'

তিনি আরও বলেন, 'স্থানীয়দের সহায়তায় প্রথমে বাচ্চাটিকে উদ্ধার করি এবং পরে ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে ঘটনাটি জানাই। পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।'

'পরে শিশুটিকে ঝিকরগাছা উপজেলার বামুনিয়া গ্রামের এক নারীর কাছে হস্তান্তর করা হয়। রিক্তার স্বামী ব্যবসায়ী,' যোগ করেন তিনি।

শার্শা উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি ডেইলি স্টারকে বলেন, 'শিশু আইন ২০১৩ এর ৯ ধারায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ৪ আবেদনকারীর মধ্যে সব শর্ত মেনে শিশুটির দায়িত্ব নেন তিনি।'

সমাজসেবা কর্মকর্তা তৌহিদুর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, ইউপি চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস ওই ৪ আবেদনকারীর সাক্ষাৎকার নেন।

শার্শা থানার এসআই সুরঞ্জিত ডেইলি স্টারকে বলেন, '৯৯৯ এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নবজাতককে উদ্ধার করি। পরে শার্শা উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথিকে জানানো হলে তিনি কমিটির মাধ্যমে শিশু আইন অনুযায়ী এক গৃহবধূর কাছে নবজাতককে হস্তান্তর করেন।'