শাহজালালে ১৪ কেজি তরল সোনাসহ আটক ৩

স্টার অনলাইন রিপোর্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুমানিক ১৪ কেজি তরল সোনাসহ তিন জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটককৃতরা হলেন, মো. রিয়াজুল হাসান (৪৬), মো. আমিন (৩৫) এবং মোকারাম খাঁন (৩৩)।

এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে টার্কিশ এয়ারলাইন্সে ওই তিন জন বিমানবন্দরে নামেন। তাদের শরীর তল্লাশি করে ১৪ কেজি তরল সোনা পাওয়া গেছে।’

‘তাদের শরীরের বিভিন্ন অংশে সেগুলো লুকানো ছিল। ওই সোনার দাম আনুমানিক আট কোটি টাকা’, বলেন জিয়াউল হক।