শাহজাহানপুরে জোড়া খুন: অস্ত্রসহ আরও ১ জন আটক

ইউএনবি, ঢাকা

রাজধানীর শাহজাহানপুরে একজন আওয়ামী লীগ নেতা ও কলেজছাত্রীকে গুলি করে হত্যার ঘটনায় আরও একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়ান্দা শাখা (ডিবি)।

ডিবির মতিঝিল বিভাগের উপ-কমিশনার রিফাত মোহাম্মদ শামীম জানান, আটক ব্যক্তির নাম আরফানউল্লাহ দামাল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির মতিঝিল বিভাগের একটি দল বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে আরফানুল্লাহকে আটক করে।

তিনি ইউএনবিকে বলেন, 'তার কাছ থেকে একটি বন্দুক জব্দ করা হয়েছে।'

উপ-কমিশনার জানান, আরফানুল্লাহর বিরুদ্ধে মতিঝিল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হবে এবং তাকে আদালতে হাজির করার পর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

নিহত জাহিদুল ইসলাম টিপু আওয়ামী লীগের মতিঝিল থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং সামিয়া আফরিন প্রীতি বদরুন্নেসা সরকারি কলেজের ছাত্রী ছিলেন।

পুলিশ জানায়, জাহিদুল গাড়িতে করে এবং প্রীতি রিকশায় করে বাসায় ফেরার সময় রাত সোয়া ১০টার দিকে ইসলামি ব্যাংক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

'তারা সবাই যানজটে আটকা পড়েছিলেন। এ সময় মুখে মাস্ক ও হেলমেট পরা এক ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।'

তারা ৩ জনই গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)
হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাত ১১টার দিকে জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে শুক্রবার জোড়া খুনের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়েছে।

গত ২৭ মার্চ এ জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি আকাশকে (৩৪) বগুড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আকাশকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার একটি আদালত।