শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা, যুবকের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে আটক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে অভিযুক্ত ইউসুফ মিয়া (২৪)কে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। তাকে আগামীকাল ময়মনসিংহ কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। 

ইউসুফ মিয়া ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে মাদ্রাসা ছাত্রী (১৪) করোনার টিকা নিতে ফুলপুরে যাওয়ার পথে ইউসুফ তাকে শ্লীলতাহানীর চেষ্টা করে।  ছাত্রীর চিৎকারে লোকজন এসে ইউসুফকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববিকে ঘটনাস্থলে পাঠান়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে  ইউসুফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।