শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার
দশম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু আবছার মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার সকালে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফেব্রুয়ারি মাসে মাওলানা আবু আবছারের বিরুদ্ধে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠে। গত শুক্রবার তার বিচারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। তার বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়ন ও মসজিদের জমি আত্মসাতের চেষ্টার অভিযোগও উঠেছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি দ্য ডেইলি স্টারকে জানান, শনিবার রাতে যৌন নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসা ছাত্র অধ্যক্ষ মাওলানা আবু আবছারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি নথিভুক্ত করে রাতেই তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।