শিশু ধর্ষণের অভিযোগে ২ রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার

কক্সবাজারে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দুই রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে কেফায়েত উল্লাহ (২০) ও ইমরান (১৯) নামে ২ জনকে আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা করেন।

কক্সবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মামলার ২ জন আসামিই রোহিঙ্গা। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।'

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১ ডিসেম্বর মহুরিপাড়ার পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে ১০ বছর বয়সী ওই স্কুলশিক্ষার্থী একটি দোকানে নাস্তা কিনতে গেলে কেফায়েত ও ইমরান শিশুটিকে জোর করে তুলে নিয়ে যায় এবং একটি ঘরে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে।

মামলার বাদী বলেন, 'মামলা না করে ঘটনা মীমাংসা করার জন্য অভিযুক্তদের পরিবার বিভিন্নভাবে চাপ দিয়েছে।'