বসুন্ধরা এমডির নামে হত্যা মামলা

শেষ হয়নি তদন্ত, পঞ্চম বারের মতো সময় নিলো পিবিআই

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর গুলশানে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং আরও ৭ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও পঞ্চম বারের মতো সময় পেল তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা তদন্ত কর্মকর্তাকে আগামী ১৬ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন।

তদন্ত প্রতিবেদন প্রস্তুত না হওয়ায় এদিন মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক গোলাম মোক্তারআশরাফুদ্দিন আদালতে সময় চেয়ে আবেদন করেন।

আদালতের নথি অনুযায়ী, তদন্ত প্রতিবেদন জমা দিতে পিবিআই এ নিয়ে পঞ্চম বারের মতো সময় নিলো। গত ৮ ডিসেম্বর একই আদালত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আজকের তারিখ নির্ধারণ করে আদেশ দিয়েছিলেন।

গুলশানের একটি বাসা থেকে মরদেহ উদ্ধারের পরে চলতি বছরের ২৬ এপ্রিল ২১ বছর বয়সী কলেজছাত্রীর বড় বোন বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেছিলেন। এজাহারে আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা আবুল হাসান ১৯ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। ১৮ আগস্ট আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন এবং আনভীরকে মামলা থেকে অব্যাহতি দেন।

এরপর ৬ সেপ্টেম্বর কলেজছাত্রীর বড় বোন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে এই মামলা করেন।

মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম এবং আরও ৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এই মামলায় গত ৩ অক্টোবর মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই দিন আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গত ২৯ সেপ্টেম্বর আনভীরের আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্ট বিভাগ।