শ্বশুরবাড়ি থেকে প্রবাসী জামাতার মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, ফেনী

ফেনীতে শ্বশুরবাড়ি থেকে সদ্য বিবাহিত এক প্রবাসী জামাতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামের ভূঁঞাবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত কপিলউদ্দিনের বাড়ি (২৮) ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নে এবং তিনি কঙ্গো প্রবাসী।

এ ঘটনায় কপিলউদ্দিনের শ্বশুর আবুল হাসেম ভূঁঞাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে তার স্ত্রী ও শাশুড়ি পলাতক আছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার দুপুরে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় কপিলউদ্দিনের বাবা সামছুল হক ফরাজী আত্মহত্যার প্ররোচনার অভিযোগে প্রবাসীর স্ত্রী সাবরিনা আক্তার সুবর্ণা ও শ্বশুর-শাশুড়িকে আসামি করে মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, কঙ্গোপ্রবাসী কপিলউদ্দিন মাসখানেক আগে ২ মাসের ছুটিতে দেশে আসেন। গত ১ এপ্রিল সুবর্ণার সঙ্গে তার বিয়ে হয়।

রোজার ঈদের পর স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে নিজেদের বাড়িতে নেওয়ার কথা ছিল।

গত শনিবার বিকেলে কপিল শ্বশুরবাড়িতে যান। রোববার সকালে তিনি তার বাবাকে ফোন করে জানান যে শ্বশুরবাড়ির লোকজন তার কাছে স্বর্ণালঙ্কারসহ জিনিসপত্র চেয়েছেন। তার বাবা তাকে বাড়ি ফিরে যেতে বলেন।

পরে দুপুর ২টার দিকে কপিল শ্বশুরের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন এবং এ খবর পেয়ে তার বাবা সেখানে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান বলে মামলায় উল্লেখ করা হয়।

ওসি মো. নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে।