শ্রীপুরে দুর্বৃত্তদের গুলিতে ছাত্রলীগ কর্মী আহত

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগের এক কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

আহত শিহাব (২৩) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকার নজরুল ইসলামের ছেলে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে 'মসজিদ মোড়' এলাকায় তাকে ৭-৮ জন তাকে লক্ষ্য করে গুলি চালায়।

স্থানীয়রা জানান, শিহাব শবে বরাতের রাতে মসজিদে যেতে বাসা থেকে বের হয়েছিলেন। এর আগেই হেলমেট পরে ৭-৮ জন মোটরসাইকেল নিয়ে মসজিদ মোড়ে অবস্থান নেন। বাসা থেকে বের হওয়া মাত্রই তারা শিহাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে হামলাকারীদের নাম সংগ্রহ করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।