শ্রীপুরে দুর্বৃত্তের গুলিতে গার্মেন্টস কারখানার ম্যানেজার আহত
গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তের গুলিতে এমএইচসি অ্যাপারেলস লিমিটেড কারখানার ব্যবস্থাপক (ম্যানেজার) নিয়াজ মোহাম্মদ রিয়াজ (৪৫) আহত হয়েছেন।
গতকাল শনিবার রাত ১১টার দিকে শ্রীপুর পৌরসভার শ্রীপুর-মাওনা সড়কের কেওয়া (বকুলতলা) এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
এস আই কামরুল ইসলাম বলেন, 'ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদই ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা নিয়াজ মোহাম্মদ রিয়াজ কাজ শেষে অফিস থেকে মাওনার প্রশিকা মোড় এলাকায় তার ভাড়া বাসায় ফিরছিলেন। শ্রীপুর-মাওনা সড়কের কেওয়া (বকুলতলা) এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।'
'স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা আল-হেরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রাত ৩টার দিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'
'তিনি ওই কারখানার ওয়্যার হাউজ ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে কাজ করেন। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে,' যোগ করেন তিনি।