সচিবালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নাটোর

নাটোরের বড়াইগ্রামে সচিবালয়ের স্টিকারযুক্ত একটি গাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় জুট গোডাউনের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মরদেহটি ঢাকার আশুলিয়ায় মিজানুর রহমানের তাজ এন্টারপ্রাইজ জুট মিল গোডাউনের কর্মচারী হযরত আলীর বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি রংপুরে।

এ ঘটনায় আটক করা হয়েছে গাড়িচালক ও তাজ এন্টারপ্রাইজ জুট মিলের মালিক মিজানুর রহমানকে।

আজ মঙ্গলবার সকালে বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্বর এলাকায় অভিযান চালিয়ে জিপটি আটক করা হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া বাইপাস এলাকায় অভিযান চালানো হয়। এসময় সচিবালয়ের স্টিকারযুক্ত গাড়িটি সন্দেহজনক মনে হলে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে গাড়ির পেছন থেকে হাত, পা বাঁধা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

আবু সিদ্দিক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুট মিল মালিক মিজানুর রহমান দাবি করেছেন, হিসাব নিকাশ সংক্রান্ত বিষয়ে তিনি হযরত আলীকে আশুলিয়ায় মিজানুরের বাসায় ডেকেছিলেন। সেখানে আত্মহত্যা করেছেন হযরত আলী। পরে ভয় পেয়ে তিনি গাড়িতে করে নিয়ে মরদেহ গোপন করার চেষ্টা করছিলেন।

গাড়িতে সচিবালয়ের স্টিকার কেন- এমন ওসির এমন প্রশ্নে স্টিকারযুক্ত অবস্থাতেই গাড়িটি কিনেছিলেন বলে দাবি করেছেন মিজানুর। তবে কবে কিনেছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, যেহেতু গাজীপুরে কারখানাটি, ঘটনাও সেখানে ঘটেছে তাই তারা আটক মিজানুর রহমান ও মরদেহটি গাজীপুর মেট্রোপলিটনে কাশিমপুর থানা পুলিশে হস্তান্তর করেছেন।