সন্তানকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

বাড়িতে ঢুকে সন্তানকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার ভোরে বাগেরহাট সদর উপজেলার বাদেকারাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই নারীর স্বামীর অভিযোগের ভিত্তিতে সজল মল্লিক নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অপর অভিযুক্ত রুবেল হাওলাদারকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ওই নারীর স্বামী একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তা প্রহরী। তিনি বলেন, আমি সোমবার রাতে ডিউটিতে ছিলাম। এ সুযোগে সজল মল্লিকের সহায়তায় রুবেল হাওলাদার আমাদের বাড়িতে প্রবেশ করে। আমাদের একমাত্র সন্তানকে হত্যার হুমকি দিয়ে রুবেল আমার স্ত্রীকে ধর্ষণ করে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ওই নারীর স্বামীর অভিযোগের ভিত্তিতে সজল মল্লিককে আটক করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রুবেল হাওলাদারকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।