সব নিম্ন আদালতে যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

স্টার অনলাইন রিপোর্ট

দেশের সব জেলা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (নিজ প্রতিষ্ঠানে) যৌন হয়রানি রোধে কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

আজ বুধবার সুপ্রিম কোর্টের যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্য ও আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সব জেলা ও দায়রা জজ, মেট্রোপলিটন দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে কমিটি গঠন করে সুপ্রিম কোর্টে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আদালত প্রাঙ্গণে যৌন হয়রানির অভিযোগ গ্রহণ, তদন্ত পরিচালনা এবং এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করতে ২০২১ সালের নভেম্বরে ৫ সদস্যের সুপ্রিম কোর্ট কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারপারসন করা হয়েছিল আপিল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথকে। কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক, আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঁইয়া, অ্যাডভোকেট ফওজিয়া করিম ফিরোজ ও অ্যাডভোকেট তামান্না ফেরদৌস।

১৩ বছর আগে হাইকোর্টের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়। ২০০৯ সালের ১৪ মে যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্য প্রতিটি কর্মক্ষেত্র এবং প্রতিষ্ঠানে একজন নারীর নেতৃত্বে ৫ সদস্যের যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছিল, কমিটির অধিকাংশ সদস্যই নারী হতে হবে।

এছাড়াও দেশের যেকোনো স্থানে নারী, মেয়ে ও শিশুদের যে কোনো ধরনের শারীরিক, মানসিক বা যৌন হয়রানি রোধে সরকারকে নির্দেশিকা অনুযায়ী একটি আইন প্রণয়নের নির্দেশনাও দিয়েছে হাইকোর্ট।