চট্টগ্রাম

সম্পদের তথ্য গোপনের অভিযোগে পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম জোনের টুরিস্ট পুলিশের এক পরিদর্শকের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার সন্ধ্যায় দুদকের উপ-পরিচালক (ডিডি) রতন কুমার দাশ ইন্টিগ্রেটেড অফিস চট্টগ্রাম-২-এ মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত ৫৪ বছর বয়সী পরিদর্শক মোহাম্মদ শাহজাহান সন্দ্বীপ এবং চট্টগ্রামের লোহাগড়া থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি)।

মামলার এজাহারে বলা হয়েছে, পুলিশ পরিদর্শক শাহজাহান অর্পিত ক্ষমতার অপব্যবহার করে দুদক অফিসে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪৯ লাখ ৩৯ হাজার ১২৬ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান করে ৭৮ লাখ ১ হাজার ৫২০ টাকার স্থাবর, অস্থাবর সম্পদ তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জনপূর্বক তা স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর পূর্বক ভোগ দখলে রেখেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২), ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২), ৪(৩) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।