সম্রাটের জামিন আবেদন আবারও বাতিল

স্টার অনলাইন রিপোর্ট

২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ক্যাসিনোতে প্রায় ২২২ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন আবেদন আবারও খারিজ করে দিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

এর আগে গত ১৩ এপ্রিল একই আদালত সম্রাটের জামিন আবেদন নাকচ করেন।

আজকের শুনানিতে সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী আদালতকে বলেন, সম্রাট হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন থাকার পাশাপাশি ২০১৯ সালের ৬ অক্টোবর থেকে কারা হেফাজতে ছিলেন। তাই তার জামিনের আবেদন মঞ্জুর করা হোক।

অন্যদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এর বিরোধিতা করে বলেন, সম্রাটের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

এ অবস্থায় উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এ মামলায় সম্রাটের জামিন আবেদন নামঞ্জুর করেন।