সরকারি স্কুলশিক্ষিকা স্ত্রীর গায়ে আগুন দিয়ে পালালেন বেকার স্বামী

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী

রাজশাহীর বুলনপুরের ঘোষপাড়া এলাকায় এক সরকারি স্কুলশিক্ষিকার শরীরে তার স্বামী আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সেই শিক্ষিকার শরীরে বিভিন্ন অংশ পুড়ে গেছে।

রাজপাড়া থানার দায়িত্বরত কর্মকর্তা তসলিমা খাতুন দ্য ডেইলি স্টারকে জানান, মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তিনি আরও জানান, ফাতেমার মুখ, বুক, দুটি হাত ও শরীরের অন্য কিছু অংশ পুড়ে গেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাটি গত বুধবার দিবাগত রাত ১টার দিকের। ফাতেমার স্বামী তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

ঘটনার পর থেকে ফাতেমার স্বামী সাদিকুল ইসলাম পলাতক আছেন। তিনি বর্তমানে কর্মহীন অবস্থায় আছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ফাতেমার ছেলে ও মেয়ে ঘরের ভেতরেই ছিল। তার মেয়ে এইচএসসি পরীক্ষার্থী এবং ছেলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

ফাতেমার বোন নূরজাহান খাতুন জানান, তিনি তাদের প্রতিবেশী। ঘটনার দিন রাত ১টায় ফাতেমার মেয়ের ফোন পেয়ে তিনি তাদের বাসায় ছুটে যান এবং ফাতেমাকে হাসপাতালে নেন। সে সময় ফাতেমার জ্ঞান ছিল না।

ফাতেমার বরাত দিয়ে নূরজাহান জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সাদিকুল তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন।