সরাসরি হাইকোর্টে এসে বিচারপতিদের কাছে ধর্ষণের বিচার চাইল কিশোরী

স্টার অনলাইন রিপোর্ট

সরাসরি হাইকোর্টে এসে দুই বিচারপতির বেঞ্চের সামনে দাঁড়িয়ে ধর্ষণের বিচার চাইলেন ১৫ বছরের এক কিশোরী। আজ বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতির বেঞ্চের সামনে সে বিচার দাবি করে।

নিলফামারীর ওই কিশোরী আজ সকালে তার মায়ের সঙ্গে হাইকোর্টে এসে বিচারপতিদের উদ্দেশে বলেন, 'স্যার, আমাকে ধর্ষণ করা হয়েছে। আমরা খুব গরিব। মামলা চালানোর মতো সামর্থ আমাদের নেই।'

আকষ্মিক এই ঘটনায় হতবাক হয়ে পড়েন আদাতকক্ষে উপস্থিত বিচারপতি ও আইনজীবীরা। বেঞ্চের নেতৃত্বে থাকা বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভিকটিমের সঙ্গে উপস্থিত নারীর পরিচয় এবং ঘটনার কথা জানতে চান।

ওই কিশোরী তার মায়ের সঙ্গে আদালতে আসার কথা জানিয়ে বলেন, 'আমার বয়স ১৫ বছর। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সদস্য আমাকে ধর্ষণ করে। কিন্তু নীলফামারীর আদালত তাকে খালাসা দিয়েছেন। আইনি লড়াই চালানোর মতো টাকা আমাদের নেই। আমরা এখন আপনাদের কাছে বিচার চাই।'

হাইকোর্ট বেঞ্চ ওই কিশোরীর কাছে মামলার নথিপত্র আছে কি না জানতে চাইলে সে বিচারপতিদের কিছু কাগজপত্র দেন।

এসময় সেখানে সুপ্রিম কোর্ট লিগাল এইড কমিটির কোনো প্যানেল আইনজীবী উপস্থিত আছেন কি না জানতে চান আদালত। তাদের কেউ আইনি সহায়তা দিতে কেউ আগ্রহী কি না জানতে চাইলে উপস্থিত এক নারী আইনজীবী এগিয়ে আসেন। তিনি ভিকটিমকে আইনি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন।

এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পি দ্য ডেইলি স্টারকে বলেন, তিনি নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল থেকে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন। অভিযুক্তকে খালাস দেওয়ার বিরুদ্ধে ভিকটিম বা রাষ্ট্র হাইকোর্টে আপিল করতে পারে।

তবে মামলাটির ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার।