সাক্ষ্য দিতে না আসায় ওসিকে ১ টাকা জরিমানা আদালতের
পর পর ৬ বার সমন পাঠানো হলেও, আদালতে সাক্ষ্য দিতে না আসেননি পাবনার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। এ অপরাধে তাকে এক টাকা জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ দণ্ড দেন।
জরিমানার টাকা পরিশোধ না করলে, আদালতের কার্যক্রম যতক্ষণ চলবে ততক্ষণ ওসির কারাদণ্ডেরও আদেশ দেন আদালত।
তবে পুলিশ পরিদর্শক ও ওসি রওশন আলী জরিমানার এক টাকা পরিশোধ করেছেন।
পরে আদালতের পেশকার হেমন্ত বর্মণ সোনালী ব্যাংকের মাধ্যমে টাকাটি রাষ্ট্রীয় কোষাগারে জমা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রওশন আলী আগে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। ২০১৮ সালে ৬ আগস্ট নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে আটক করে তখন তিনি একটি মামলা করেন।
এই মামলায় অন্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। তবে ইনফরমেন্ট সাক্ষী হিসেবে রওশন আলীকে সাক্ষ্য দেওয়ার জন্য ৬ বার সমন পাঠানো হয়।
কিন্তু তিনি আদালতে আসেননি বলে আইনজীবী ইসমত আরা জানান।
পরে আদালত রওশন আলীর মোবাইলের হোয়াটসঅ্যাপে আদালতের সমনের ছবি পাঠান। এতেও কোনো উত্তর না দিয়ে তিনি সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকেন।
এতে মামলার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এ কারণে গত ২৬ জানুয়ারি তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠান আদালত।
এই আইনজীবী জানান, আজ মঙ্গলবার মামলার নির্ধারিত দিনে আদালতে হাজির হন ওসি রওশন। এ সময় তিনি ক্ষমা প্রার্থনা করেন।
তবে আগেও সমন অবজ্ঞা করার রেকর্ড থাকায় এবং তার মধ্যে কোনো অনুশোচনা না থাকায় আদালত ন্যায়বিচারের স্বার্থে ওসিকে জরিমানা করেন বলে তিনি উল্লেখ করেন।