সাড়ে ৩ লাখ টাকার সরকারি ওষুধ জব্দ, চমেক কর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে সরকারি ওষুধ চুরির অভিযোগে হাসপাতালের ১ কর্মীসহ ২ জনের বিরুদ্ধে মামলা করেছে চমেক কর্তৃপক্ষ।

তারা হলেন-হাসপাতালের অফিস সহকারী আশু চক্রবর্তী (৩২) ও তার সহযোগী মো. সাঈদ (৫০)।

ওই ২ জনকে গতকাল হাসপাতাল এলাকা থেকে আটকের পর আজ মঙ্গলবার পাঁচলাইশ থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার আরাফাতুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, হাসপাতাল সংলগ্ন একটি বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় সাড়ে ৩ লাখ টাকার সরকারি ওষুধ জব্দ করেছে।

গতকাল সোমবার দুপুরে আশু ও সাঈদ হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ড থেকে ব্যাগ নিয়ে বের হওয়ার পুলিশের সন্দেহ হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান ডেইলি স্টারকে জানান, ওই দুজনকে আটক করে ব্যাগ তল্লাশি করা হলে, তাতে হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দ করা ওষুধ পাওয়া যায়।

পুলিশ বিষয়টির তদন্ত করছে বলে জানান তিনি।

যোগাযোগ করা হলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে হাসপাতালের কর্মী ও বহিরাগতদের একটি চক্র প্রতিদিন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে ১৫-২০ হাজার টাকার সরকারি ওষুধ চুরি করত।'

তারা হাসপাতাল সংলগ্ন ওষুধের দোকানগুলোতে সেগুলো বিক্রি করত বলে জানান তিনি।

তিনি বলেন, 'আমরা চক্রটিকে চিহ্নিত করেছি এবং চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করছি।'