সাড়ে ৭ বছরের সাজার ভয়ে ২৪ বছর পলাতক  

নিজস্ব সংবাদদাতা, ফেনী 

চোরাকারবারির মামলায় ১৯৯৭ সালে ফেনীর পরশুরামের বেলাল হোসেনকে (৬০) সাড়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। কারাদণ্ডের ভয়ে দীর্ঘ ২৪ বছর পালিয়ে ছিলেন তিনি। অবশেষে গতকাল বৃহস্পতিবার রাতে ফেনী শহরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বেলাল হোসেন পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, চোরাকারবারের ঘটনায় ১৯৯৬ সালে বিশেষ ক্ষমতা আইনে বেলাল হোসেনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৭ সালে বিশেষ ট্রাইব্যুনাল আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাত বছর ছয় মাসের কারাদণ্ড দেন।

এর আগেই ওই ঘটনায় গ্রেপ্তার হয়ে জামিনে ছাড়া পেয়েছিলেন বেলাল। রায় ঘোষণার পর আত্মসমর্পণ না করে তিনি পলাতক থাকেন বলে জানায় পুলিশ।

গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ফেনী শহরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

এসব তথ্য নিশ্চিত করে আজ শুক্রবার পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আসামিকে ফেনী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’