সাবেক ডিআইজি মিজানের জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন

স্টার অনলাইন রিপোর্ট

ঘুষ লেনদেনের মামলায় পুলিশের সাময়িক বরখাস্তকৃত উপ-মহাপরিদর্শক মো. মিজানুর রহমানকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার এই আবেদন করে দুদক।

মিজানুরকে ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের মামলায় ৩ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। গত ১৩ এপ্রিল এই মামলায় মিজানুরকে ২ মাসের জামিন দেন হাইকোর্ট।

আজ দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আপিল বিভাগে স্থগিতাদেশ দাখিল করে বলেন, মামলায় জামিন দেওয়ার সময় হাইকোর্ট মিজানুর রহমানের অপরাধের গুরুত্ব বিবেচনা করেননি।

আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সুপ্রিম কোর্টের চেম্বার বিচারক আজ শেষ দিকে আবেদনের উপর শুনানি করতে পারেন।'

গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ ঘুষ লেনদেনের মামলায় দুদকের সাময়িক বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাসির ও মিজানুর রহমানকে যথাক্রমে ৮ ও ৩ বছরের কারাদণ্ড দেন।

মিজানের কাছ থেকে ঘুষ হিসেবে ৪০ লাখ টাকা নেওয়ার দায়ে বসিরকে ৩ বছর এবং অর্থপাচারের দায়ে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাদের সাজা একই সঙ্গে কার্যকর হবে বলেও জানিয়েছেন বিচারক। এ ছাড়া, তাকে ৮০ লাখ টাকা জরিমানা করা হয়। যা অনাদায়ে তাকে আরও ৬ মাস জেল খাটতে হবে।

ওই টাকা ঘুষ হিসেবে দেওয়ার জন্য মিজানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে জানিয়ে আদালত রায়ে বলেছেন, মিজান ও বসির ইতোমধ্যে কারাগারে যে সময় কাটিয়েছেন তা তাদের সাজা থেকে কেটে নেওয়া হবে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১৯ সালের ১৬ জুলাই ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে এই ২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে।