সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ, থানায় জিডি

স্টার অনলাইন রিপোর্ট

নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, অশালীন ও অবমাননাকর বক্তব্যের জেরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে এবার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে।

মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান আজ বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯' এ ফোন করে পুলিশের সহায়তা চান। তিনি জানান, তাকে মারধর করা হচ্ছে। সেখান থেকে অভিযোগ যায় ধানমন্ডি থানায়।

পরে ডা. জাহানারা একটি সাধারণ ডায়েরিও (জিডি) দায়ের করেন।

ধানমন্ডি থানার উপ পরিদর্শক (এসআই) আনসার আলী দ্য ডেইলি স্টারকে বলেন, বিকেল পৌনে ৫টার দিকে ডা. মুরাদের স্ত্রীর পরিচয় দিয়ে তাকে মারধরের কথা '৯৯৯' নম্বরে ফোন করে জানান। অভিযোগ পেয়ে ধানমন্ডি থানার একটি টিম ১৫ নম্বর সড়কে ডা. মুরাদের বাসায় যায়।

ধানমন্ডি জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ইহসানুল ফেরদৌস দ্য ডেইলি স্টারকে জানান, হুমকি-ধামকির অভিযোগ এনে মুরাদ হাসানের বিরুদ্ধে তার স্ত্রী থানায় একটি জিডি করেছেন।

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়াও ৯৯৯ থেকে কল পেয়ে মুরাদ হাসানের বাসায় পুলিশ পাঠানোর কথা নিশ্চিত করেছেন।