সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তাকে হত্যা, ২ জন গ্রেপ্তার
রাজধানীর আদাবরে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক আনোয়ার শহীদকে (৭২) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এসএসপি ইমরান খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, আটক দুজনের মধ্যে একজন হত্যাকারী ও অন্যজন পরিকল্পনাকারী।
এ বিষয়ে সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদাবর থানা এলাকার শ্যামলীর হলিল্যান্ড গলিতে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়ের করে। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে আসামি গ্রেপ্তার করা হয়।