সাবেক স্ত্রীকে বিয়ের জেরে বন্ধুকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

বাগেরহাটের মোংলায় ছুরিকাঘাতে মো. শাহীনকে হত্যাকারী মো. মারুফ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার রাতে খুলনা জেলার কয়রা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে আজ দুপুরে নিহতের বড় বোন খাদিজা বেগম বাদী হয়ে মারুফকে প্রধান আসামি এবং আরও ৪-৫ জনকে আসামি করে মামলা করেন।

গ্রেপ্তারকৃত মারুফ খুলনা জেলার কয়রা উপজেলার মো. আব্দুর রশিদের ছেলে। তিনি মোংলা পৌর শহরের ছাড়াবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, 'ঘটনার পর থেকে পুলিশ অভিযুক্ত মারুফকে গ্রেপ্তারে কাজ করছে। আজ রাতে খুলনা জেলার কয়রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।'

গতকাল সোমবার রাত ৮টার দিকে মোংলাপোর্ট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছাড়াবাড়ি এলাকায় স্ত্রীর সঙ্গে বিয়ে নিয়ে কলহের জেরে বন্ধু মারুফ হোসেনের হাতে খুন হন মোহাম্মদ শাহীন।

নিহত শাহীন ছাড়াবাড়ি এলাকার মো. একরামুল হকের ছেলে। তিনি মোংলাপোর্ট এলাকায় জাহাজ শ্রমিক হিসেবে কাজ করতেন।

দেড় বছর আগে মারুফের তালাকপ্রাপ্ত স্ত্রী নাদিরাকে বিয়ে করেন শাহীন। এরপর থেকে বিভিন্ন সময় মারুফ শাহীনকে হুমকি দিয়ে আসছিল বলে নিহতের পরিবার দাবি করেছে।