সাভারে বিষ দিয়ে ২৫০টি হাঁস মেরে ফেলার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, সাভার

সাভারের আশুলিয়ায় একটি খামারে ২৫০টি হাঁসের মৃত্যু হয়েছে। মালিকের দাবি পূর্বশত্রুতার জেরে বিষ দিয়ে হাঁসগুলো মেরে ফেলা হয়েছে । এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে৷

আজ বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার দরগার পাড় এলাকায় রাশেদ ভূইয়ার খামারের এই ঘটনা ঘটে।

খামারের মালিক রাশেদ ভূইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'চাচাতো ভাইয়ের লিজ নেওয়া জায়গায় এক বছর আগে শখ করে খামার শুরু করি। খামারে প্রথমে বিদেশী প্রজাতির ১০০ বেলজিয়াম ও ১৫০ খাঁকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিয়ে আসি। খামারটি দেখাশোনার জন্য একজন ম্যানেজার ছিল।'

রাশেদ জানান, আজ দুপুরে ম্যানেজার তাকে ফোন করে জানান জাহাঙ্গীর, ফারুক ও বশিরসহ অজ্ঞাত ২-৩ জন মিলে তার কাছে হাঁসের শেডের চাবি চান৷ চাবি না দিলে তাকে (ম্যানেজার) মারধর করার এক পর্যায়ে জীবন রক্ষার্থে সে পালিয়ে যায়৷ কিছুক্ষণ পরে এসে দেখেন হাঁসগুলো লাফিয়ে লাফিয়ে মারা যাচ্ছে৷

তিনি অভিযোগ করে বলেন, 'জাহাঙ্গীরের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল জাহাঙ্গীর খামারে লোক পাঠিয়ে ১০টা হাঁস চেয়েছিলো খাওয়ার জন্য। এতে রাজি না হওয়ায় হুমকি দিয়ে যায়। হুমকির ঘটনায় আমি জিডিও করেছিলাম। এর জেরে হাঁসগুলো মেরে ফেলা হয়েছে।'

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাশেদ ভূইয়া নামে এক ব্যক্তি তাকে হুমকি দেওয়ার ঘটনায় জিডি করেছেন। তবে আজ হাঁস মারা যাওয়ার বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

সাভার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভুক্তভোগী থানায় অভিযোগ করার পর বিষয়টি আমরা দেখবো। পুলিশের মাধ্যমে মরে যাওয়া হাঁস ফরেনসিকে পাঠানো হবে। পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।'