সাভারে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
ঢাকার সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় দুর্বৃত্তরা এক যুবককে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় তুষার (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত এনামুল (২৫) গাইবান্ধা জেলার রুহুলের ছেলে। অপরদিকে, আটক তুষার নিহতের বন্ধু বলে জানা গেছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিকভাবে বন্ধু-বান্ধবের মধ্যে শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।'
স্থানীয়রা জানান, শনিবার রাত ১২টার দিকে রাজফুলবাড়িয়া এলাকায় নিজ বাসার সামনেই এনামুলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মোমিনুল ইসলাম বলেন, 'নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'