সাভার থেকে অপহৃত শিশু পাবনায় উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, সাভার

সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে অপহৃত ১২ বছর বয়সী শিশুকে পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সজীব (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সজীবের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানার গাছেদিয়া গ্রামে। তার বাবার নাম মো. আরান। সজীব রাজফুলবাড়িয়া এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।

আজ শনিবার দুপুরে সাভার মডেল থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রতিবেশী ১২ বছর বয়সী এক কন্যা শিশুকে অপহরণ করে সজীব পাবনার ঈশ্বরদী এলাকায় তার মামার বাড়িতে নিয়ে যায়। শিশুটির মা সাভার মডেল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে শিশুটিকে ঈশ্বরদী থেকে উদ্ধার করা হয়। সেইসঙ্গে সজীবকে গ্রেপ্তার করা হয়।

জাহিদুল আরও বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে সজীবকে গ্রেপ্তার দেখানো হয়েছে।