সারা দেশে ২ লাখ লিটার তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর
দেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার ২ লাখ ৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উদ্ধার করা এই তেল পরে ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।
প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৩৮ থেকে ৪৪ টাকা বাড়ানোর পর আজ সপ্তম দিনেও বাজারে সংকট কাটেনি। এর মধ্যেই সারা দেশে বিভিন্ন জায়গা থেকে মজুদ করা হাজার হাজার তেল উদ্ধার হওয়ার খবর আসছে।
মজুতদারদের বিরুদ্ধে আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৫৭টি দল দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এ সময় ১১৪টি প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়।
ঈদের আগে সপ্তাহখানেক ধরে বাজারে ভোজ্যতেলের সংকট চলার পর গত বৃহস্পতিবার সরকারের সঙ্গে বৈঠক করে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৩৮ টাকা বাড়ানোর ঘোষণা দেন মিলমালিকেরা। আর খোলা সয়াবিন তেলের দাম বাড়ানো হয় লিটারে ৪৪ টাকা। বাড়ানো হয় পাম তেলের দামও।
বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের খুচরা দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে ১৯৮ টাকা, যা আগে ছিল ১৬০ টাকা। আর ৫ লিটারের বোতলের দাম ঠিক করা হয় ৯৮৫ টাকা, যার দাম ছিল ৭৬০ টাকা। এ ছাড়া খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকা এবং খোলা পাম তেল প্রতি লিটার ১৭২ টাকা নির্ধারণ করা হয়। আগে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৩৬ টাকা ও পাম তেলের দাম ছিল ১৩০ টাকা।