সিংগাইরে ‘বন্দুকযুদ্ধ’: ২ র্যাব সদস্য আহত, ‘ডাকাত সর্দার’ কাউছার নিহত
মানিকগঞ্জের সিংগাইরে র্যাব-৪ এর টহল দলের সঙ্গে 'ডাকাতদের বন্দুকযুদ্ধে' র্যাবের ২ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন এবং 'ডাকাত দলের সর্দার' নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোররাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত 'ডাকাত সর্দার' কাউছারের (৪৫) বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামে। তার বিরুদ্ধে ৯টি ডাকাতির মামলা আছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাতে মাইক্রোবাসে র্যাবের টহল দল সিংগাইর-হেমায়েতপুর মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে র্যাবের ২ সদস্য আহত হন। তাদেরকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে র্যাব সদরদপ্তরের ফরেনসিক টিম কাজ করছে।
'মানিকগঞ্জের সিংগাইর আঞ্চলিক মহাসড়কে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে' উল্লেখ করে তিনি বলেন, 'সন্ত্রাসীরা ব্যক্তিগত গাড়ি থামাতে সেগুলোকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ভয়ে চালক গাড়ি থামালে দুর্বৃত্তরা সর্বস্ব লুটে নিয়ে যায়।'
'র্যাবের ওপর হামলার ঘটনাটাও এমনই ছিল বলে ধারণা করা হচ্ছে। কারণ আমাদের সদস্যরা মাইক্রোবাসে ছিলেন। সন্ত্রাসীরা সেটাকে সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করে গুলি চালাতে পারে। আমাদের গাড়িতে গুলিবর্ষণের পর, আমাদের সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ডাকাত সর্দার কাউছার (৪৫) নিহত হয়।'
ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করে তিনি তিনি জানান, এ ছাড়াও, ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।