সিরাজগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের সলঙ্গায় পারিবারিক কলহের জের ধরে স্বামিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সলঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) জাকারিয়া হোসেন।
দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, নিহত শামিম হোসেন (৪৫) সলঙ্গা থানার পাচালিয়া পূর্বপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় এক জন মোটরবাইক মেকানিক। আজ সকালে পারিবারিক কলহের জেরে স্ত্রী শিরিনা খাতুন স্বামীকে বটি দিয়ে কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
পরিবারের বরাতে ইন্সপেক্টর বলেন, 'নিহত জাকারিয়া কিছু টাকা জমিয়েছিলেন কিন্তু তার স্ত্রী তাকে সে টাকা দিচ্ছিলেন না। টাকা পয়সা নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝামেলা হতো। এরই জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।'
এ ঘটনার পর শিরিন খাতুন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান তিনি।
আজ শুক্রবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।