সিলেটে পুলিশি নির্যাতনে রায়হানের মৃত্যুতে ৬ জনের বিচার শুরু

নিজস্ব সংবাদদাতা, সিলেট

সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান আহমদের মৃত্যু মামলায় ৬ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

আজ সোমবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিম অভিযোগ গঠন করে ১০ মে প্রথম সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন। এর মধ্য দিয়ে আলোচিত এই হত্যা মামলার বিচার কাজ শুরু হলো।

আদালতের পাবলিক প্রসিকিউটর নওশাদ আহমেদ সাংবাদিকদের এ সব তথ্য জানিয়েছেন।

আসামিরা হলেন—বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক আকবর হোসেন ভূঁইয়া, উপ-পরিদর্শক হাসান উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস, কনস্টেবল হারুনুর রশিদ ও স্থানীয় সাংবাদিক আবদুল্লাহ আল নোমান।

অভিযুক্তদের মধ্যে নোমান পলাতক আছেন। অভিযোগ গঠনের সময় অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

২০২০ সালের ২০ অক্টোবর রাতে নগরীর আখালিয়া নেহারিপাড়া এলাকার রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। পরদিন সকালে গুরুতর আহত অবস্থায় রায়হানকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান।

প্রথমে ঘটনাটিকে গণপিটুনি বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার পর হেফাজতে মৃত্যু নিবারণ আইনে হত্যা মামলা দায়ের করেন রায়হানের স্ত্রী।

মামলাটির তদন্ত শেষে গত ৫ মে অভিযোগপত্র জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। চলতি বছরের ৮ মার্চ মামলাটি সিলেট মহানগর দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়।