সিলেটে ভোজনবাড়ি সিলগালা, পাঁচভাই-পানসীকে জরিমানা

সব রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা
নিজস্ব সংবাদদাতা, সিলেট

সিলেটের জিন্দাবাজার এলাকার পাঁচভাই, পানসী ও ভোজনবাড়ি রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযান শেষে ভোজনবাড়ি রেস্টুরেন্ট সিলগালা ও বাকি ২ রেস্টুরেন্টকে জরিমানা করেছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর প্রতিবাদে নগরীর জিন্দাবাজার সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছেন সিলেটের বিভিন্ন রেস্টুরেন্টের কর্মীরা। বুধবার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে র‍্যাব-৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব কর্মকর্তা সামিউল আলম বলেন, 'ভোজনবাড়ি রেস্টুরেন্টটি ২০১৯ সালের পর থেকে ট্রেড লাইসেন্স নবায়ন না করে অনুমোদনহীনভাবে চলছিল। এছাড়াও অভিযানে রেস্টুরেন্টটিতে মেয়াদোত্তীর্ণ পচা খাবার পাওয়া যায়। তাই ম্যাজিস্ট্রেট রেস্টুরেন্টটি সিলগালা করে দেন এবং এর ৩ জন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।'

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, পাঁচভাই ও পানসী রেস্টুরেন্টে অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পচা খাবার পাওয়া যায়। তাই ম্যাজিস্ট্রেট ওই ২ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা করে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন।

এ দিকে রেস্টুরেন্টে অভিযান ও সিলগালা করার প্রতিবাদে নগরীর জিন্দাবাজার সড়ক অবরোধ করে বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত প্রতিবাদ জানান সিলেটের বিভিন্ন রেস্টুরেন্টের কর্মচারীরা।

এ বিষয়ে সিলেট ক্যাটারার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শান্ত দেব দ্য ডেইলি স্টারকে বলেন, 'করোনার কারণে লকডাউন শেষে রেস্টুরেন্টগুলো ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে, তখন এ ধরণের অভিযান তাদের আরও ক্ষতির মুখে ফেলছে। মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়া গেলে, তার জন্য জরিমানা করা যেতে পারে, কিন্তু রেস্টুরেন্ট সিলগালা করা হলো কেন?'

এদিকে অভিযানের পর সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হলরুমে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, চেম্বার সভাপতি এটিএম শোয়েবের সঙ্গে বৈঠক করেছেন সিলেট রেস্টুরেন্ট মালিক সমিতি ও সিলেট ক্যাটারার্স ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

তবে এ বৈঠকে কোনো সমাধান না আসায় বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেটের সব রেস্টুরেন্টে ধর্মঘট আহ্বান করেন সংশ্লিষ্ট সমিতির নেতৃবৃন্দ।