সুদ আদায়ে যুবককে শিকল দিয়ে বাঁধা ২ ভাই গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে ধারে নেওয়া টাকার সুদ আদায় করতে এক যুবককে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে বিশারিঘাটা গ্রামের চানমিয়া খানের ছেলে মিলন খান (২২) ও মিরাজ খানকে (২০) এ ঘটনায় গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতিবেশী ইউনুস শিকারীর ছেলে রুহুল আমিন শিকারীকে (৩৫) তুলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন মিলন ও মিরাজ। স্থানীয়রা এ দৃশ্য মোবাইলে ধারণ করে সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা বিভিন্ন প্রতিষ্ঠানের নজরে পড়ে।

পরবর্তীতে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে চানমিয়ার বাড়ি থেকে চানমিয়া খানের ২ ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।

সুদের বিনিময়ে টাকা নেওয়া রুহুল আমিন শিকারী বলেন, '৩ বছর আগে মিলন খানের কাছ থেকে বছরে ১০০ মণ ধান লাভ হিসেবে দেওয়ার শর্তে এক লাখ টাকা নিয়েছিলাম। টাকা না দিতে পারায় গতকাল আমাকে দোকান থেকে তুলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন মহাজন মিলন ও তার ভাই।'

তিনি আরও বলেন, '৫০ হাজার টাকা দেওয়ার পর বিকাল ৩টার দিকে আমাকে ছেড়ে দেন তারা।'

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখে পুলিশ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয় বলে জানান তিনি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, 'শিকল দিয়ে বেঁধে সুদ আদায়ের বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার আসামি ২ ভাইকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হয়।'