সুপ্রিম কোর্টে গোল্ডেন মনিরের জামিন স্থগিত
অর্থ পাচার মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ।
হাইকোর্টের জামিনের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি বোরহানউদ্দিন এই স্থগিতাদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, মামলায় উল্লেখিত অপরাধের গুরুত্ব বিবেচনা করে শীর্ষ আদালতের বিচারক মনির হোসেনের জামিন স্থগিত করেন।
তবে, মনিরের আইনজীবী মো. ওজি উল্লাহ বলেন, বেশ কিছু ফৌজদারি মামলায় গ্রেপ্তার হওয়ায় সুপ্রিম কোর্টের চেম্বার মনিরের জামিন বহাল রাখলেও তিনি জেল থেকে মুক্তি পেতেন না।
প্রসঙ্গত, ২০২০ সালের ২১ নভেম্বর গোল্ডেন মনিরকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ১১ মে মনিরসহ ১০ জনের বিরুদ্ধে অর্থ পাচার প্রতিরোধ আইনে বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন সিআইডির পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম।
মামলায় অর্থ পাচারের অভিযোগে মনিরের স্ত্রী, ছেলে, মেয়ে ও বোনকেও আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, মনিরের প্রায় ৩০টি প্লট, এক ডজনেরও বেশি ভবন ও দুটি গাড়ির শোরুম আছে- যার সবগুলোই তার অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে কেনা হয়েছে।
সিআইডি ইন্সপেক্টর ইব্রাহিম জানান, মনির সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার সময় ১২৯টি ব্যাংক অ্যাকাউন্টে ৭৯১ কোটি টাকারও বেশি টাকা জমা দেন। ওই অ্যাকাউন্টগুলোতে বর্তমানে মাত্র ৬ কোটি ১৮ লাখ টাকা পাওয়া যাচ্ছে।