সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ অফিসার পরিচয়ে প্রতারণা
সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মো. রাশেদুল ইসলাম (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
গতকাল বুধবার যাত্রাবাড়ী থানাধীন মীরহাজিরবাগ এলাকা থেকে সিআইডি ঢাকা মেট্রো (পশ্চিম) তাকে গ্রেপ্তার করে।
আজ বৃহস্পতিবার দুপুরে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডির ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি মো. ইমাম হোসেন এ তথ্য জানান।
অতিরিক্ত ডিআইজি বলেন, রাশেদুল নিজের নামে বেঞ্চ অফিসারের ভিজিটিং কার্ড ছাপিয়ে ওই এলাকায় অফিস ভাড়া করে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছিলেন। তিনি কখনও নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আবার কখনও খুলনা ল' কলেজের সাবেক ভিপি পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন।
বেঞ্চ অফিসার হিসেবে সরকারি উচ্চ পর্যায়ের বিভিন্ন অফিসারের সঙ্গে তার ভালো সম্পর্ক আছে দাবি করে জাতীয় গোয়েন্দা সংস্থাসহ (এনএসআই) বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, আসামির জামিন-খালাস করানোসহ বিভিন্ন আশ্বাস দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা-পয়সা হাতিয়ে নেন তিনি। এ ছাড়া, গান লাইসেন্স করিয়ে দেওয়া, পাওনাদারের টাকা উদ্ধার করে দেওয়া ইত্যাদি নানা কাজের জন্য তিনি কমিশন হিসেবে টাকা নিতেন।
সিআইডি তাৎক্ষণিকভাবে ৮ জন ভুক্তভোগীর কাছ থেকে প্রতারণা করে প্রায় ৩৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পেয়েছে।
অতিরিক্ত ডিআইজি আরও জানান, গ্রেপ্তারের সময় রাশেদুলের কাছ থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ অফিসার পরিচয়ের ৪টি ভিজিটিং কার্ড এবং ২ লাখ টাকার একটি চেক জব্দ করা হয়েছে।
তার কাছ থেকে জব্দ করা মোবাইলে ভুয়া কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন কথাবার্তার অনেক অডিও মেসেজ পাওয়া গিয়েছে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।