সে এখন পরিস্থিতির শিকার হয়ে গেছে: পরীমনির শতবর্ষী নানা
মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনি পরিস্থিতির শিকার বলে মন্তব্য করেছেন তার শতবর্ষী নানা শামসুল হক গাজী। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামসুল হক বলেন, নিজের জন্য জীবনে সে কিছু করেনি। সব মানুষের জন্য দান করেছে। এখন পরিস্থিতির শিকার হয়ে গেছে। নিজে একটা ফ্ল্যাট করেনি, কিছু করেনি। এফডিসিতে গরু দেয় গরিবদের জন্য। সব মানুষের জন্য বিলিয়ে দেয়। এখন আল্লাহপাক যদি ওকে মাফ করে।
পুলিশ বলছে পরীমনির বাসা থেকে মাদক পাওয়া গেছে, এ বিষয়ে কিছু জানেন কি না সাংবাদিকদের— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খালি বোতল ছিল, মাদকের বোতল কি না তা তো জানি না।
পরীমনির মুক্তির বিষয়ে তিনি বলেন, আল্লাহ যদি তাকে মুক্তি দেয়।
চার দিনের রিমান্ড শেষে আজ দুপুর ১২টা ১০ মিনিটে পরীমনিকে আদালতে হাজির করে পুলিশ। মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তাফা পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করলে মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানি শেষে পরীমনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে আদালতে হাজির করা হলে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ। গত ৪ আগস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার অভিযানে পরীমনির বনানীর বাড়ি থেকে বিদেশি মদ পাওয়া গেছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। এরপর র্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।