সোনারগাঁওয়ে ধানখেতে পড়ে ছিল স্কুলশিক্ষার্থীর মরদেহ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ধানখেত থেকে ১০ বছরের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
আজ রোববার দুপুরে উপজেলার বিজয়নগর এলাকা থেকে জোনায়েদ হোসেন রিমন নামের শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নয়ানগর এলাকার বিল্লাল হোসেনের ছেলে রিমন সে পরমেশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এক কৃষক ধানক্ষেতে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।'
তিনি বলেন, 'শিশুটির গলায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, ধারালো ফলা দিয়ে গলায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।'
পরিবারের বরাত দিয়ে এসআই মোস্তাফিজুর রহমান বলেন, 'রিমন শনিবার বিকেলে বাড়ির সামনে খেলাধুলা করছিল। সেখান থেকেই সে নিখোঁজ হয়। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়নি স্বজনরা। এলাকাবাসীর মাধ্যমেই স্বজনরা লাশের খবর পায়।'
তিনি বলেন, 'হত্যার তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মামলা প্রক্রিয়াধীন।'