সোনালী ব্যাংকের সাবেক এমডিসহ ১১ জনের কারাদণ্ড
ঋণ জালিয়াতির মামলায় সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবিরসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মোস্তফা দ্য ডেইলি স্টার কে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঋণ জালিয়াতি করে সোনালী ব্যাংকের ১ কোটি ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ১ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করে। তদন্তের পর ২০১৪ সালের ২২ মে ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার আশ্রয় নিয়ে ক্ষমতার অপব্যবহার করে সোনালী ব্যাংকের ১ কোটি ৪২ লাখ ৯৪ হাজার ৪৭ টাকা আত্মসাৎ করেছেন।
আসামিদের মধ্যে ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুল হক, মহাব্যবস্থাপক (জিএম) মীর মহিদুর রহমান ও ননী গোপাল নাথ, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আলতাফ হোসেন ও সফিজ উদ্দিন আহমেদ, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সাইফুল হাসান ও কামরুল হোসেন খানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপর দিকে এ মামলায় ডিএন স্পোর্টসের চেয়ারম্যান মোতাহার উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সফিকুর রহমান ও পরিচালক ফাহমিদা আক্তারকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ড প্রাপ্তদের মধ্যে হুমায়ুন কবির, সফিকুর রহমান, সাইফুল হাসান ও ননী গোপাল পলাতক আছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।