সোনা চোরাচালানের অভিযোগে ঝিনাইদহে যুবক আটক
সোনা চোরাচালানের অভিযোগে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ইব্রাহিম হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সকালে ১২ কেজি ৫৩০ গ্রাম ওজনের ৯৯টি সোনার বারসহ ওই যুবককে আটক করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে ৫৮ বিজিবির অধিনায়ক শাহীন আজাদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইব্রাহিমের বাড়ি মহেশপুর উপজেলার জাগুসা গ্রামে।
শাহীন আজাদ বলেন, মাটিলা বিওপির টহল দল সীমান্ত ঘেঁষা জুলুলী গ্রামের বটতলা এলাকায় তল্লাশী চালাচ্ছিল। সে সময় ইব্রাহিম মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। তাকে তল্লাশী করে প্লাস্টিকের ব্যাগে টেপ দিয়ে মোড়ানো ১২ কেজি ৫৩০ গ্রাম ওজনের ৯৯টি সোনার বার পাওয়া যায়। ইব্রাহিম সেগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম জানিয়েছেন, তিনি সোনার বারগুলো ঝিনাইদহ শহরে তার ভগ্নিপতি মোস্তফার বাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। সোনার বারের পাশাপাশি তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ইব্রাহিমের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হবে—বলেন শাহীন আজাদ।
বিজিবি জানায়, ধারণা করা হচ্ছে সোনার বারগুলো ভারত থেকে অবৈধভাবে দেশে আনা হয়েছে।