স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ঘরে আগুন দেয় স্বামী: র‌্যাব

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগে রেজাউল করিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ মঙ্গলবার কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২-এর কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সোমবার রাতে এক অভিযান পরিচালনা করে স্ত্রী ইয়াসমিন আক্তারকে হত্যার অভিযোগে কুমিল্লা ইপিজেড এলাকা থেকে রেজাউলকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ সাকিব বলেন, গত ১২ মার্চ ইয়াসমিনের ভাই থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। সেখানে বলা হয়, ১১ মার্চ ভোরে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ইয়াসমিন আগুনে পুড়ে মারা গেছেন।

তিনি বলেন, ঘটনার গুরুত্ব বুঝতে পেরে র‍্যাব বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য অনুসন্ধানের জন্য তদন্ত শুরু করে। র‍্যাব কুমিল্লার গোয়েন্দা দল আরও গভীরভাবে তদন্ত কার্যক্রম শুরু করে এবং ভিকটিমের স্বামীর সন্ধানে একাধিক টিম নিয়োগ করে। পরে মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি দল গত ২৮ মার্চ রাত ৯টার দিকে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার কোতয়ালী থানার ইপিজেড এলাকা থেকে আত্মগোপনে থাকা রেজাউল করিমকে গ্রেপ্তার করে।

র‌্যাব কমান্ডার আরও জানিয়েছে, জিজ্ঞাসাবাদে রেজাউল স্বীকার করে, গত ১০ মার্চ ইয়াসমিনের সঙ্গে কথা কাটাকাটি হলে রেজাউল তাকে হত্যা করে কেরোসিন দিয়ে মরেদেহে আগুন জ্বালিয়ে মসজিদে নামাজ পড়তে যায়।