স্ত্রী-কন্যাকে হত্যার পর পিতার আত্মহত্যা
সাভারের আশুলিয়ায় স্ত্রী ও কন্যাকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক অটোরিকশাচালক।
গতকাল শনিবার রাত ১০টার দিকে ভাদাইল পবনারটেক রূপায়ন গেট এলাকার ফজর আলীর ভাড়া বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার চরগরুক মণ্ডল গ্রামের সবুর আলী মিয়া (২৮), তার স্ত্রী রোজিনা (২৫) ও মেয়ে সুমাইয়া (৯)। রোজিনা এলাকার ফজর আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, '৯৯৯ এর সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ৩টি মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জের ধরে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর ওই ব্যক্তি নিজে আত্মহত্যা করেছেন।
নিহত সবুরের ছোট ভাই শহীদ আলী ডেইলি স্টারকে বলেন, 'স্ত্রীর জমানো ও জমি বন্ধকের মোট ৬০ হাজার টাকায় গত ২ নভেম্বের অটোরিকশা কিনেন সবুর। পরদিন দুপুর দেড়টার দিকে জামগড়া বঙ্গ মার্কেটের সামনে থেকে যাত্রীবেশে দুই প্রতারক রিকশাটি চুরি করে।'
তিনি আরও বলেন, 'রিকশা হারানোকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এই ঝগড়ার জেরে স্ত্রী-সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করে থাকতে পারে সবুর।'
অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে কিনা জানতে চাইলে এসআই আল মামুন বলেন, 'অটোরিকশা চুরির বিষয়ে আগে আমাদের জানানো হয়নি। এখন বলা হচ্ছে সবুরের অটোরিকশা চুরি হয়েছিল।'