স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের একটি আদালত।
সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। বিচারক সাজাপ্রাপ্তকে এক লাখ টাকা জরিমানাও করেছেন।
সাজাপ্রাপ্ত মো. কামাল হাওলাদার (৪৫) উপজেলার ফুলঝুড়ি গ্রামের আ. রশিদ হাওলাদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, যৌতুকের জন্য প্রায়ই স্ত্রী শাহিনুর বেগমকে নির্যাতন করতেন কামাল। যৌতুক হিসেবে এক লাখ টাকাও দেওয়া হয় তাকে। পরে আবারো যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে কামাল এবং তার পরিবারের সদস্যরা। ২০১২ সালের ২২ জুলাই নিজ বাড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে কামাল।
এ ঘটনায় ওই দিন নিহতের মামা মো. ছগির শরীফ বাদী হয়ে কামাল এবং তার বাবাসহ আরও পাঁচ জনের নাম উল্লেখ করে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যা মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা ওই বছর ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। আজ আদালত কামালকে মৃত্যুদণ্ডাদেশ দেন।