হবিগঞ্জে ইয়াবাসহ ১ কারারক্ষীসহ আটক ৩
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ এক কারারক্ষী ও অপর দুইজনকে আটক করেছে পুলিশ।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, আটক মিলন মিয়া (২৮) সিলেট জেলার শাহপরান থানার নিপবন আবাসিক এলাকার আবুল কালামের ছেলে। তিনি হবিগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী। আটক অপর দুজন হলেন- অলিপুর এলাকার বাবুল মিয়ার ছেলে হৃদয় মিয়া (২১) এবং হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রামের খোরশেদ আলীর ছেলে রুবেল মিয়া (২৪)।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মনজুরুল আলম জানান, মিলন মিয়া সিলেট জেলা কারাগারে থাকাকালে মাদকসহ আটক হয়েছিলেন। পরবর্তীতে নয় মাস সাসপেন্ড থেকে গত দেড় মাস আগে হবিগঞ্জ জেলা কারাগারে যোগদান করেন।
'আমরা কারারক্ষীদের কারাগারে প্রবেশের সময় তল্লাশি করে প্রবেশ করাই এবং সার্বক্ষণিক ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করি', বলেন তিনি।
ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।