হবিগঞ্জে সুজনের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার, মাদক আইনে মামলা

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

মাদক চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।'

ওসি বলেন, 'গতকাল রাতে শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার ঝিকুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।'

গ্রেপ্তারকৃতরা হলেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মীর দুলাল। তিনি হবিগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামের মীর মো. দুলাই মিয়ার ছেলে। অপর ব্যক্তির নাম বিকাশ চন্দ্র সরকার।

ওসি জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। পরে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ঘটনায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন ডেইলি স্টারকে বলেন, 'রাতের মধ্যেই মীর দুলালকে সুজনের পদ থেকে আজীবন বহিষ্কারের জন্যে কমিটির সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।'