হাইকোর্টের ৪ বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ

স্টার অনলাইন রিপোর্ট

হাইকোর্টের ৪ জন বিচারপতিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দিয়েছে সরকার।

তারা হলেন, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি এফ. আর. এম. নাজমুল আহসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

আইনমন্ত্রী আনিসুল হক দ্য ডেইলি স্টারকে বলেছেন, সংবিধানের অনুচ্ছেদ ৯৫ (১) অনুসারে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাদের নিয়োগ দিয়েছেন। 

নতুন বিচারপতিরা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এ নিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনে।

আপিল বিভাগে নিয়োগ পাওয়া নতুন ৪ বিচারপতির মধ্যে বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথকে আজ রোববার শপথ পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

তবে বিচারপতি এফ. আর. এম. নাজমুল আহসান অসুস্থ থাকায় শপথ পাঠে আসতে পারেননি। সুস্থ হওয়ার পর তাকে শপথ পাঠ করানো হবে বলে জানা গেছে।