হাইকোর্টে ২ দিনে সাড়ে ৮ হাজার মামলা নিষ্পত্তি

স্টার অনলাইন রিপোর্ট

হাইকোর্টের ১৩টি বিশেষ বেঞ্চ গত ২ দিনে (বুধ ও বৃহস্পতিবার) ৮ হাজার ৫১৭টি জামিন সংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি করেছেন। 

বৃহস্পতিবার আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন ফৌজদারি মামলার আসামিরা এসব জামিনের আবেদন করেন।

গত ১৭ এপ্রিল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জামিন আবেদনের শুনানি ও নিষ্পত্তির জন্য ১৩টি হাইকোর্ট বেঞ্চ গঠন করেন।

গত বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ ১ হাজার ৪৯৮টি জামিন আবেদন নিষ্পত্তি করেন।

আদালত সূত্র জানিয়েছেন, দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট ডিভিশন বেঞ্চ একদিনে এতগুলো জামিন সংক্রান্ত মামলার নিষ্পত্তি করেছে। 

যে সমস্ত অভিযুক্ত আবেদনকারী আগে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন এবং জেল থেকে মুক্তি পাওয়ার পর জামিনের অপব্যবহার করেননি হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন আবেদন নিষ্পত্তি করেছেন।