হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনা: চালকের ভারী যানের লাইসেন্স ছিল না

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় ২ জন পথচারী নিহতের ঘটনায় ঘাতক মেঘলা পরিবহনের বাসের চালক রাকিব শরীফকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শরীফের হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভারী মোটরযান চালানোর কোনো বৈধ লাইসেন্স (পেশাদার) নেই।

আজ রোববার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ওয়ারী এলাকা থেকে গতকাল শনিবার রাতে শরীফকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সড়ক দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন শরীফ।

খন্দকার আল মঈন জানান, শরীফ গাড়ির দৈনিক চুক্তিভিত্তিক ভাড়া মালিককে পরিশোধের জন্য এবং অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে ট্রিপ সংখ্যা বৃদ্ধির জন্য প্রতিযোগিতামূলক বেপরোয়া গতিতে গাড়ি চালাতেন। অধিক গতি থাকার কারণে ফ্লাইওভার দিয়ে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পেরে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে পথচারীদের চাপা দেন তিনি। ওই ঘটনায় আহত শেখ ফরিদ (২৮) ও (২) মো. বাদশা মিয়া (৩২) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি রেখে পালিয়ে যান শরিফ।

তিনি আরও জানান, শরীফ ৭ থেকে ৮ বছর ধরে মেঘলা পরিবহনে বাসের হেলপারি করে আসছে। বাসের হেলপারি করার পাশাপাশি সে ড্রাইভিং এর প্রশিক্ষণ গ্রহণ করে। পরে বাসের হেলপারি ছেড়ে দিয়ে নিজে গাড়ি চালানোর জন্য মেঘলা পরিবহনের বিভিন্ন মালিকদের ড্রাইভার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু তার কোন বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় প্রাথমিক পর্যায়ে কোন মালিক তাকে গাড়ি চালানোর অনুমতি দেননি। পরবর্তীতে সে বিভিন্ন তদবিরের মাধ্যমে মেঘলা পরিবহনের বিভিন্ন মালিকদের গাড়ি সাময়িকভাবে চালানো শুরু করে। ২০১৯ সালে সে হালকা মোটরযান ড্রাইভিং লাইসেন্স (পেশাদার) প্রাপ্ত হয়। হালকা মোটরযান ড্রাইভিং লাইসেন্স (পেশাদার) দিয়েই তিনি ভারী মোটরযান চালানো শুরু করেন।