হালদা থেকে ১২ হাজার মিটার জাল জব্দ
কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে ১২ হাজার মিটার মাছ ধরার জাল জব্দ করেছে চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে আটক করা হয়নি।
নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুর সাড়ে ১২টার দিকে কালুরঘাট ব্রিজ এলাকায় হালদা নদীতে দুটি মাছ ধরার ডিঙি নৌকা সুতার জাল পেতে মাছ ধরার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। পরে জেলেরা জাল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জালগুলো উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করে।'
হালদা নদী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য চট্টগ্রামের রামগড় উপজেলার বদনাতলী পার্বত্য রেঞ্জে উৎপন্ন হয়ে ফটিকছড়ি, ভূজপুর, হাটহাজারী, রাউজান ও চট্টগ্রামের চান্দগাঁও থানার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পরে কর্ণফুলী নদীতে পড়েছে।